যশোর পৌরসভার প্রথম এদেশীয় চেয়ারম্যান ছিলেন পিয়ারীমোহন গুহ। ১৮৬৪ খ্রিষ্টাব্দে যশোরে পৌরসভা স্থাপিত হলে পাবলিক লাইব্রেরি ভবনেই পৌরসভার কমিশনারগণ সভা করতেন। তবে যশোর পাবলিক লাইব্রেরির সেই ভবনটি কোথায় ছিল সে সম্পর্কে এখন আর কিছু জানা যায় না।
১৮৬০ খ্রিষ্টাব্দে নীলবিদ্রোহের পর বাংলাদেশে নীলকারীদের জৌলুসের অবসান হয়। ১৮৮৫ খ্রিষ্টাব্দে ভারতীয়দের দিয়ে ভারতীয়দের শাসন করার নতুন কৌশল চালু হলে পৌরসভায় এদেশীয় বেসরকারি নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।
ওই বছরই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত। ভারতীয়করনের এই গুরুত্বপূর্ণ সময়ে (১৮৮৫) যশোর পৌরসভার প্রথম এদেশীয় চেয়ারম্যান হলেন পিয়ারীমোহন গুহ। তিনি ছিলেন যশোরের খ্যাতিমান আইনজীবী।
এই সময় লাইব্রেরির প্রতি পৌরসভা এবং স্থানীয় ইংরেজ শিক্ষিত মধ্যবিত্ত মহলের মনোযোগ বৃদ্ধি পায়। ১৯২৮ খ্রিষ্টাব্দ যশোর পাবলিক লাইব্রেরির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ বছর। নড়াইলের লোহাগড়ার সরকার পরিবারের সন্তান আইনজীবী অবিনাশচন্দ্র সরকার যশোর পাবলিক লাইব্রেরির জন্য নতুন ভবন নির্মাণ করে দেন।
পিতার স্মৃতি রক্ষার্থে এই ভবনের নামকরণ করেন বিশ্বনাথ লাইব্রেরি হল। ছবি: যশোর পাবলিক লাইব্রেরির বিশ্বনাথ লাইব্রেরি হল। ছবি তোলা-১৯৮৪ খ্রিষ্টাব্দে। সাজেদ রহমান, সিনিয়র সাংবাদিক।


0 Comments